ডুলাহাজারা সাফারি পার্ক

দেওয়াল ধসে প্রাণিরা নিরাপত্তা হুমকিতে

টানা ভারী বর্ষণের ফলে জমে থাকা পানি নামতে গিয়ে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের দক্ষিণ-পূর্বাংশের নিরাপত্তা দেওয়ালের বিশাল অংশ ধসে পড়েছে। এতে পার্কে থাকা জেবরাসহ নানা জাতের প্রাণীর নিরাপত্তা হুমকিতে পড়েছে। দেওয়ালের পাশের বিল থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে গর্ত সৃষ্টি হওয়ায় পানির স্রোতের তীব্রতা বেড়েছে। আর এতে পানির চাপে নিরাপত্তা দেওয়ালটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার ভোরে এ দেওয়াল ধসের ঘটনা ঘটে। 

সূত্র জানায়, বুধবার সকাল থেকেই থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়। সারা দিনের মতো রাতেও চলে অবিরাম বর্ষণ। ফলে কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কের পানি নামতে গিয়ে নিরাপত্তা দেওয়ালের দক্ষিণ-পূর্ব অংশ অকস্মাত্ ধসে পড়ে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সাফারি পার্ক কর্তৃপক্ষ ফোনে বিষয়টি জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাফারি পার্কটি ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া ডাঙ্গারবিল এলাকায় অবস্থিত। রেল লাইনের রাস্তার কাজ শুরু হওয়ার পর অতিলোভে পার্কের পাশের বিলের মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। পুরো বিলে ৮-১০ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। পশ্চিম মাইজপাড়ার আবুল হাসেম সওদাগরের ছেলেরা মাটি বিক্রি করেছে বলে উল্লেখ করেন তিনি। 

সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সরকারি স্থাপনার পাশ থেকে এভাবে মাটি কাটা সমীচীন নয়। জমির মালিকদের সরকারি সম্পদ ধ্বংসের পথ সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত করে ক্ষতিপূরণের দাবিতে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। দেওয়াল ভাঙলেও পার্কের ভেতরে থাকা প্রাণিকুল নিরাপদ রয়েছে বলে দাবি করেন তিনি। 

উল্লেখ্য, কক্সবাজার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফরমান আলী জানান, বুধবার সন্ধ্যা ৬টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।