মানুষের জীবন রক্ষার স্বার্থে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে শুরু হওয়া কঠোর বিধিনিষেধসহ লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনার সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। জীবনের সুরক্ষার অনিবার্য প্রয়োজনেই এ লকডাউন।’ সেতুমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান। অসহায়, কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সচ্ছলদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে নানা দুর্যোগে এবং সংকটে প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সব সময় সঠিক সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত জনগণের কল্যাণে নিবেদিত। তিনি বলেন, গত কয়েক দিনে করোনায় ধারাবাহিকভাবে শতাধিক মৃত্যু এবং উচ্চমাত্রায় সংক্রমণ ভয়ানক অবস্থার ইঙ্গিত দিচ্ছে। এমন অবস্থায় সচেতনতা ও সতর্কতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প নেই। জীবিকার আগে জীবনের সুরক্ষা দরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যে কোনো সংকট উত্তরণে প্রয়োজন ধৈর্যসহকারে ঐক্যবদ্ধ থাকা। তাই সবাইকে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উগ্রবাদের বিরুদ্ধে দেশের জনগণের মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে সামাজিক প্রতিরোধ তারই প্রমাণ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার মূলোত্পাটনের মাধ্যমে একটি বিজ্ঞানমনস্ক আধুনিক রাষ্ট্র তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে দেশের মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।