করোনার ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার তালিকায় (সুরক্ষা অ্যাপস) বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত সকল আইনজীবীকে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
করোনার ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকার তালিকায় ১৯ ক্যাটাগরির ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ৩১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরকে উকিল নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পেয়ে ১১ এপ্রিল হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. আবু তালেব।
রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সরকার অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার যে তালিকা করেছে সেখানে আদালত অন্তর্ভুক্ত আছে। আদালত মানে বিচারক, আদালতের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও আইনজীবীরা অন্তর্ভুক্ত। ফলে আইনজীবীরা অগ্রাধিকার তালিকায় আছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে তালিকা চাওয়া হয়েছিল। তালিকাও দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া পাইনি। শুনানি শেষে ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার তালিকায় (সুরক্ষা অ্যাপস) আইনজীবীদেরকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট।