পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি

মুহুরীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের ১২ গ্রাম প্লাবিত

ভারতীয় পাহাড়ি ঢলে ও অতিবৃষ্টি ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বিপত্সীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার ও বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে, পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকায় মুহুরী নদী রক্ষাবাঁধে ভাঙন দেখা দেয়। এতে দরবারপুর ইউনিয়নের বস্তুপুর জগত্পুর গ্রাম ও সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রাম,  পরশুরামের সাতকুচিয়া, জয়পুরসহ ১২ গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়াও ফুলগাজী উপজেলা সদর, বাজারসহ বিভিন্ন এলাকায় প্লাবন ত্বরান্বিত হচ্ছে। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। রাতের মধ্যে আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবনের পানিতে ডুবে রয়েছে রাস্তাঘাট, ফসলের মাঠ। ভেসে গেছে পুকুরের মাছ।