সিলেট-৩ আসনে ইসির নির্বাচনি তদন্ত কমিটি

আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের উপনির্বাচনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় ‘নির্বাচনি তদন্ত কমিটি’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটি যে কোনো অনিয়মের তদন্ত সাপেক্ষে শাস্তি প্রদানে ইসির কাছে সুপারিশ করবে। গত বুধবার ইসির আইন শাখার উপসচিব আফরোজা শিউলি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশে ৯১(এ) ধারার ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একাদশ জাতীয় সংসদের শূন্যঘোষিত সিলেট-৩ আসনের নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনি তদন্ত কমিটি গঠন করা হলো। নির্বাচন-পূর্ব সময় বলতে তপশিল ঘোষণার পর থেকে ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করার সময় পর্যন্ত বোঝায়। সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম তাসলিমা শারমিন এবং সিনিয়র সহকারী জজ নির্জন কুমার মিত্রের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।