দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালের নির্ধারিত ফি দিয়ে করোনা পরীক্ষা করতে হয়। কিন্তু ক্রমেই করোনার সংক্রমণ বাড়তে থাকায় দরিদ্র-খেটে খাওয়া মানুষের পক্ষে টাকা দিয়ে করোনা পরীক্ষা করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিষয়টি চিন্তা করে জুলাই মাস জুড়ে সারা দেশে দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে করোনা শনাক্তকরণ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশগামীদের করোনা পরীক্ষার খরচ ২ হাজার ৫০০ টাকা। সাধারণ জনগণের বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার খরচ ৩ হাজার টাকা ও আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে আনলে করোনা পরীক্ষার খরচ ৩ হাজার ৫০০ টাকা। তবে সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে ১০০ টাকা। গত বছরের জুনে অবশ্য সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে ১০০ টাকা নির্ধারণ করা হয়।