শিশুদের জন্য ভ্যাকসিন তৈরি করেও তার ট্রায়ালের অনুমতি পেলো না ভারতের টিকা তৈরির সংস্থা সেরাম ইন্সটিটিউট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ভারতীয় সংস্করণের প্রস্তুতকারক হিসেবে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম।
জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলের বরাতে জানা যায়, ভারতে এই মুহূর্তে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একটি ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাকসিন, দ্বিতীয়টি সেরাম ইনস্টিটিউটের টিকা অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং তৃতীয় রাশিয়ার টিকা স্পুটনিক। এছাড়াও দুইটি ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। সেরামেরই তৈরি কোভোভ্যাক্স এবং জাইডাস ক্যাডিলার জাইকভ ডি। সিরাম জানিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে বড়দের ব্যবহারের জন্য কোভোভ্যাক্স বাজারে চলে আসবে। জাইডাসের টিকা তারও আগে চলে আসার কথা।
কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রের কাছে বড়সড় ধাক্কা খেয়েছে সেরাম। দুই থেকে ১১ বছরের ৪৬০ জন এবং ১১ থেকে ১৭ বছরের ৪৬০ জনের উপর পরীক্ষামূলক ভাবে কোভোভ্যাক্সের ট্রায়াল চালাতে চেয়েছিল সেরাম। কেন্দ্র সেই অনুমতি দেয়নি। কেন্দ্র জানিয়েছে, এখনো পর্যন্ত কোভোভ্যাক্স কোনো দেশে ছাড়পত্র পায়নি। এই টিকাটি আদৌ আন্তর্জাতিক ক্ষেত্রে ছাড়পত্র পাবে কি না, তাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে টিকাটি শিশুদের উপর পরীক্ষা করা যাবে না। ১৮ বছরের উপরের ব্যক্তিদের উপর এই টিকার প্রভাব কী পড়েছে, তা আগে কেন্দ্রকে জানাতে হবে। তার পর স্থির হবে আদৌ শিশুদের উপর এই টিকার পরীক্ষা করতে দেওয়া হবে কি না।
কিছুদিন আগে মার্কিন কোম্পানি নোভ্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে কোভোভ্যাক্স তৈরি শুরু করেছিল সেরাম। তখন সেরামের প্রধান জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে তাদের টিকা বাজারে আসবে। কিন্তু সরকারের অবস্থানে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ইত্তেফাক/এএইচপি