করোনা মোকাবিলায় সুইজারল্যান্ড দিচ্ছে ৯০ কোটি টাকা

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে আরো ৯৮ লাখ সুইস ফ্রাংক (৯০ কোটি টাকা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করায় জনগোষ্ঠী-ভিত্তিক কার্যকর প্রতিরোধ প্রক্রিয়া জোরদার করতে এই অর্থ দেওয়ার কথা জানিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অতিরিক্ত এ তহবিলের মাধ্যমে সুইজারল্যান্ড স্থানীয় জনগোষ্ঠীকে করোনা বিস্তার রোধে সহযোগিতা এবং আর্থসামাজিক স্থিতিশীলতা জোরদার করতে চায়। এ লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করবে দেশটি।

গত বছরের এপ্রিলে বাংলাদেশে মহামারি ছড়িয়ে পড়ার সময় থেকে এখন পর্যন্ত সুইজারল্যান্ড বাংলাদেশের ২০টিরও বেশি প্রকল্পে ১ কোটি ৭০ লাখ সুইস ফ্রাংক (১৬০ কোটি টাকা) সহায়তা দিয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, সুইজারল্যান্ডের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়েছে এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোভিড-১৯ এর উন্নত চিকিত্সার জন্যে ১০ লাখ মানুষ টেলিমেডিসিন সেবা পেয়েছে। ১ লাখ ৩০ হাজার বস্তিবাসী স্বাস্থ্যসামগ্রী পেয়েছে। ৮০ হাজার মানুষ হাত ধোয়ার সুবিধা পেয়েছে। এছাড়া, ১ লাখ ১৫ হাজার মানুষ নগদ অর্থ-সহায়তা এবং ৬০ হাজার মানুষ খাদ্য বা ভিটামিন পেয়েছে। পাশাপাশি, যারা লিঙ্গভিত্তিক সহিংসতার মুখোমুখি হয়েছেন, তাদের মানসিক ও আইনি সহায়তা দেওয়ার জন্য চারটি হেল্পলাইন স্থাপন করা হয়েছে।