বুধবার মিয়ানমার কর্তৃপক্ষ
দেশটির বিভিন্ন কারাগার থেকে ২ হাজারেরও
বেশি বন্দিকে ছেড়ে
দিয়েছে
রয়টার্স
মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পর দিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি নোবেলজয়ী রাজনীতিক অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের এক মুখপাত্র এ কথা জানান । চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উত্খাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার টালমাটাল সময় পার করছে।
গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেন, ‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’ তিনি বলেন, ‘মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গণগ্রেফতারসহ মানুষকে ভয় দেখানোর কর্মকাণ্ড নিয়ে আমরা এখনো গভীরভাবে উদ্বিগ্ন।’
বুধবার মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির বিভিন্ন কারাগার থেকে দুই হাজারেরও বেশি বন্দিকে ছেড়ে দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগে আটক একাধিক সাংবাদিক ও অন্যরাও আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে ক্ষমতাসীন জান্তার বিরোধিতাকারী অনেককে আতঙ্ক ছড়াতে পারে এমন মন্তব্য ও ভুয়া সংবাদ ছড়ানোকে অপরাধ বলে গণ্য করা একটি আইনে আটক করা হয়েছে। আটক অনেকে এরই মধ্যে বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন। কাছাকাছি একটি অপরাধে সু চিসহ বেশ কয়েক জন রাজনীতিকেরও বিচার চলছে। ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলরের দায়িত্ব পালন করা সু চিকে অভ্যুত্থানের দিনই আটক করা হয়েছিল।