ইউরোপে সংক্রমণ বৃদ্ধি ডব্লিউএইচের সতর্কতা

রয়টার্স

দুই মাস ধরে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে যে নিম্নহার দেখা যাচ্ছিল তার অবসান ঘটেছে। নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলা হচ্ছে, এই সংক্রমণের বেশির ভাগই ইউরোপে চলমান ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের কারণে ঘটছে। তাই এই টুর্নামেন্টের আয়োজক নগরীগুলোতে ফুটবল ভক্তদের চলাফেরা ভালোভাবে নজরে রাখার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচওর ঊর্ধ্বতন জরুরি সেবা কর্মকর্তা ক্যাথরিন স্মলউড।

এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘স্টেডিয়ামের গণ্ডির বাইরেও আমাদের নজর রাখা উচিত। আমাদের দেখা দরকার লোকজন কীভাবে আসছে, যাচ্ছে। তারা বাসে গাদগাদি করে আসছে কি না এবং স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় তারা বারে, পাবে যাচ্ছে কি না। এই ছোট ছোট ব্যাপারগুলোই ভাইরাসের বিস্তার বাড়িয়ে দিচ্ছে।’