বিমানবন্দরে ফুলের টবে কোটি টাকার সোনা

সৌদিফেরত যাত্রী গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা ফুলের টব থেকে ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের সোনা জব্দ করা হয়েছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে জসিম মিয়া নামে ঐ যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এক কেজি ৬০০ গ্রাম ওজনের স্বর্ণসহ তাকে গ্রেফতার করে ঢাকা কাস্টম হাউজের এয়ারপোর্ট সি শিফটের কর্মকর্তারা। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানায়, সোনা চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। ঐ বিমানে আসা যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জসিম মিয়া নামে এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে থামান কাস্টমস কর্মকর্তারা। তার কাছে কোনো সোনা আছে কি না, জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

পরবর্তী সময়ে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। এ সময় ফুলের টবে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়ায় যায়। ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফুলের টবে লুকানো অবস্থায় সোনার দুইটি বার পাওয়া যায়। যার ওজন প্রায় এক কেজি ৬০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা। পরে ঐ যাত্রীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নরসিংদী জেলায়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।