স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কোনো বেড খালি নেই। করোনা রোগীদের চিকিত্সার জন্য বিশেষায়িত এই হাসপাতালের সবগুলো আইসিইউ বেডে রোগী ভর্তি। শুক্রবার আইসিইউ বেড খালি না থাকার একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালের কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে ‘আইসিইউতে কোনো বেড খালি নাই’। রংপুরের এ হাসপাতালে ১০টি আইসিইউ বেড থাকলেও ভেন্টিলেটর সুবিধা আছে আটটিতে। আর ৮৩ জন কোভিড রোগীকে চিকিত্সা দেওয়া হচ্ছে। গত বছরে নগরীতে নবনির্মিত ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতালকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল হিসেবে চালু করা হয়। প্রথম ধাপে ১০টি আইসিইউ বেড ও ১০টি ভেন্টিলেটর দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা ৫০ বেডে উন্নীত করার কথা ছিল। কিন্তু পরবর্তী সময় আর আইসিইউ বেড বাড়ানো হয়নি। রংপুর বিভাগের আট জেলায় দেড় কোটি মানুষের জন্য আইসিইউ বেড রয়েছে মাত্র ৪৬টি। এরমধ্যে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০টি, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০টি, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আছে ১৬টি আইসিইউ বেড।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম বলেন, বিভাগে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসিইউ সংকট মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।