কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা-৩ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আলী ওসমান খান (৭৪) আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল ধানমন্ডিতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন প্রয়াত আলী ওসমান খানের ভাগনে সাংবাদিক মশিউর রহমান খান। তিনি জানান, তার মামা আলী ওসমান খান দ্বিতীয়বারের মতো সম্প্রতি হার্টফেইল করলে তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। তবে কোথায় তার জানাজা এবং দাফন হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ভাগনে মশিউর।
উল্লেখ্য, জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালে বিএনপি থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আলী ওসমান খান। পরে ১৯৮৮ সালে হুসেইন মুহম্মদ এরশাদের সময়ও তিনি একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন।