ইউরোতে করোনা আতঙ্ক
স্পোর্টস ডেস্ক
ধীর গতিতে হলেও করোনার ডেলটা তথা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ইতিমধ্যে ১০০ দেশে যার অস্তিত্ব পাওয়া গেছে। ইউরো কাপে সব ম্যাচেই স্টেডিয়ামগুলোতে ২৫ থেকে ১০০ ভাগ দর্শক উপস্থিতি থাকছে। তাতেই বাড়ছে করোনার শঙ্কা। উদ্বিগ্ন হয়ে পড়েছে টুর্নামেন্টের আয়োজক উয়েফা।
রোমে কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ঘিরে নতুন সমস্যা শুরু হয়েছে। চাপে পড়েছেন ব্রিটিশ সমর্থকরা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই কড়া নিয়ম চালু করেছে ইতালিও। ইতালিতে ইউরোর ম্যাচ হলেও নতুন করে সংক্রমণের খবরও শোনা যাচ্ছে। যে কারণে বাড়তি সতর্কতা নিচ্ছে ইতালি। বিশেষ করে ইংল্যান্ড সমর্থকদের জন্য বিশেষ নিয়ম করা হয়েছে।
আজ রাতে রোমে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-ইউক্রেন মুখোমুখি হবে। সেই ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার জন্য উদ্রগ্রীব রয়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা। কিন্তু রোমে বসে হ্যারি কেনদের ম্যাচ দেখতে হলে পাঁচ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রিটিশ সমর্থকদের। তার কারণ, ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসের নয়া প্রজাতি ডেলটা ভ্যারিয়েন্ট মাথাচাড়া দিয়েছে। সে কারণে ইতালির মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই নতুন নিয়ম জারি করা হয়েছে। আর এতে বিপাকে ব্রিটিশ সমর্থকেরা। ইউক্রেন সমর্থকদের ক্ষেত্রে অবশ্য এ রকম কোনো বাধা নেই।
এসব কারণে ইতালি ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। সে দেশের পুলিশও সর্বত্র ঘুরে বেড়াচ্ছে যাতে কেউ নতুন করে টিকিট বিক্রি করতে না পারে। ইতালির অ্যাম্বাসেডর রাফায়েল ত্রোমবেত্তা ব্রিটেন সরকারকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ‘ইংল্যান্ডের সমর্থকরা যেন ইতালিতে না আসেন। কারণ কোয়ারেন্টাইনে থাকার সময় পার হয়ে গিয়েছে। আর যদি কেউ ম্যাচ দেখার টিকিট কেটেও ফেলেন, তারা কিন্তু মাঠে ঢুকতে পারবেন না।’
ইংরেজ সমর্থকদের কাছে শুধু ম্যাচ দেখার টিকিট থাকলেই হবে না। তাদের টিকাকরণের প্রমাণপত্র, নেগেটিভ কোভিড রিপোর্ট এবং ৫ দিন কোয়ারেন্টাইনে থাকার প্রমাণপত্রও দেখাতে হবে। আর যদি কোনো ব্রিটিশ সমর্থকের কাছে টিকিট থাকে এবং তিনি যদি এই নথিগুলো দেখাতে না পারেন, সে ক্ষেত্রে তাকে গ্রেফতার করা হবে।
সম্প্রতি স্কটল্যান্ড সরকারের দেওয়া রিপোর্ট আতঙ্ক বাড়িয়েছে কয়েকগুণ। স্কটিশ সরকারের রিপোর্ট বলছে, গত ১৯ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ উপভোগ করে দেশে ফেরা ২ হাজার স্কটিশ সমর্থকদের করোনা ধরা পড়েছে।