এবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের আকাশে ড্রোন

ইত্তেফাক ডেস্ক

 

এবার পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ওপরে উড়তে দেখা গেল ড্রোন। এ ঘটনায় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি জম্মু বিমানবন্দরে ভারতের বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা এবং কয়েক দিন কাশ্মীরের আকাশে ড্রোন ওড়া নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।

গত ২৯ জুন জম্মুর বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে। এর পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে বলে মনে করছেন ভারতীয় তদন্ত কর্মকর্তারা। একইসঙ্গে রাষ্ট্রীয় সহায়তাও থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

খবরে বলা হয়েছে, পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নের এই ঘটনায় দুই দেশের সম্পর্ক আরো খারাপ হতে পারে। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, গত ২৬ জুন ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে একটি ড্রোন উড়তে দেখা যায়। পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি আমরা জানিয়েছি। আমরা আশা করি, তারা এ ঘটনার তদন্ত                 করবে এবং পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অস্ত্র ফেলার জন্য পাকিস্তান ড্রোন ব্যবহার করছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ২০১৯ সালে পাঞ্জাবে একটি ড্রোন এসে পড়ে। অমৃতসরের গ্রামে পড়া সেই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক, অস্ত্র ও মাদক পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়। শেষ কয়েক মাস ধরে শুধু কাশ্মীর সীমান্তে নয়, ভারত-পাকিস্তান সীমান্তে একাধিক ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় সেনারা।