আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই মহামারিতে দেশে বহু লোকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন এবং দেশের প্রত্যকটা মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অসহায়দের জন্য মানবিক সহায়তা চালু করেছেন। শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে উত্তর ভোলার পাঁচ ইউনিয়নের শতাধিক ছোট বাজারে লকডাউন সফল করতে ২৫ জন প্রতিনিধির এক বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি নির্দেশনামূলক বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। এ সময় তিনি আরো বলেন, বিগত সময়ে ভোলায় করোনার পরিস্থিতি ভালো ছিল। দেশের অন্য জেলার চেয়ে শনাক্তের হার তুলনামূলক কম ছিল। লকডাউনে যদি স্বাস্থ্যবিধি না মেনে বের হন, মাস্ক না পরেন তবে ব্যাপকহারে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাবে। এ সময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পরানগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।