বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণের মোড়ক উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশনাটির কোরিয়ান ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায়, সিউলের লোটে হোটেলে বৃহস্পতিবার, কোরিয়ান ভাষায় অনুবাদকৃত উক্ত প্রকাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। প্রকাশনাটি কোরিয়ান ভাষায় অনুবাদ করেন লি ডং-হিয়ন, যা কোরিয়ার প্রকাশনী সংস্থা মোরায়েল এলএলসির ব্যবস্থাপনায় অনলাইন প্ল্যাটফরমে পাওয়া যাবে এবং দক্ষিণ কোরিয়ার স্থানীয় বইয়ের দোকান থেকেও ক্রয় করা যাবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান দুটি পৃথক ভিডিও বার্তা প্রেরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন যে, বঙ্গবন্ধুর এই আত্মজীবনীতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি মানবতাবাদ ও বিশ্ব শান্তির প্রতি তার নিরবচ্ছিন্ন সমর্থন প্রতিফলিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ দক্ষিণ কোরিয়ার বন্ধুভাবাপন্ন জনগণকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জীবন, তার সার্বজনীন দৃষ্টিভঙ্গি ও দর্শন এবং বাংলাদেশের সৃষ্টিতে তার অসামান্য অবদান সম্পর্কে জানবার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।