করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে ৪ ঘণ্টার ব্যবধানে বাবা ইয়াকুব আলী (৭০) ও ছেলে আজগর আলীর (৫৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে মারা যান ইয়াকুব আলী। তার ঠিক ৪ ঘণ্টা পর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ছেলে আজগর আলী।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মৃত আজগর আলীর খালাতো ভাই হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।
আজগর আলী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জিয়াউল হাসান মুকুল জানান, করোনা পজিটিভ হলে দিনাজপুরের মেডিক্যাল কলেজে প্রথমে তার খালু ইয়াকুব আলীকে ভর্তি করা হয়। এর পাঁচ দিন পর আবারও করোনা পজিটিভ অবস্থায় খালাতো ভাই আজগর আলীকেও ঐ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে ইয়াকুব আলী কিছুটা সুস্থ থাকায় তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু বাসায় ফিরেই মারা যান তিনি। এর ৪ ঘণ্টা পরই খবর আসে খালাতো ভাই আজগর আলীর অবস্থা ভালো না। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।
ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয় ২৭৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০৯ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫ জন ও মারা গেছেন ৮৩ জন।