বেরোবি বঙ্গবন্ধু পরিষদ নেতাকে সাবেক উপাচার্য কলিমউল্লাহর নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। কলিমউল্লাহর পক্ষে উকিল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী শহিদুল ইসলাম।

নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে মশিউর রহমানের ফেসবুক আইডি থেকে মানহানিকর পোস্ট সরিয়ে লিখিতভাবে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়, (Mashiur Rahman) ফেসবুক আইডি থেকে মানহানিকর বক্তব্য প্রচার করায় মশিউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ করেছেন।

সহকারী অধ্যাপক মশিউর রহমান বলেন, নিজের দুর্নীতি ঢাকতেই এই উকিল নোটিশ দিয়েছেন সাবেক উপাচার্য ড. কলিমউল্লাহ। আমরা তার শাস্তির দাবি জানাই।