সব মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ বাইডেন প্রশাসনের

যুক্তরাষ্ট্রে সব মৃত্যুদণ্ড নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে সব ধরনের মৃত্যুদণ্ডের রায়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে গারল্যান্ড জানিয়েছেন, বিচার বিভাগকে এটা নিশ্চিত করতে হবে যে আমেরিকায় বিচার বিভাগীয় পরিকাঠামোয় সকলকে সংবিধানে দেওয়া মার্কিন আইনের সুযোগই কেবল দেওয়া হচ্ছে না, সেই সঙ্গে তাদের বিচার স্বচ্ছ ও মানবিকভাবে করা হচ্ছে। খবর আলজাজিরার

গত বছরের মাঝামাঝি সময় থেকে এ বছরের শুরু অর্থাত্ ট্রাম্প সরকারের বিদায়ের আগে পর্যন্ত আমেরিকায় ১৩ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করে কারাগার কর্তৃপক্ষ। উনবিংশ শতাব্দীর সময় থেকে আর কোনো মার্কিন প্রেসিডেন্টের আমলে এত অল্প সময়ে এত জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। ক্ষমতায় আসার আগে নির্বাচনি প্রচারে জো বাইডেন দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় গেলে মৃত্যুদণ্ড রদে আইন করার দিকে অগ্রসর হবেন।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে পর্যালোচনা করেছেন বর্তমানে মৃত্যুদণ্ডের রায়দানের পদ্ধতিগুলির বিষয়ে। কোনো নিরপরাধ ব্যক্তির যাতে মৃত্যুদণ্ড না হয় সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্যমতে, বর্তমানে ৪৬ বন্দির মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত রয়েছে। তাদের মধ্যে ২০ জন শ্বেতাঙ্গ, ১৮ জন কৃষ্ণাঙ্গ, সাত জন ল্যাটিন ও একজন এশিয়ান।