কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৫  

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৯টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ।

এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ১৭০টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয়েছে ৫৯টি। এর আগের ২৪ ঘন্টায়ও করোনায় আক্রান্ত সাত জন মারা গেছেন এবং শনাক্তের হার ছিল ৪০ দশমিক শূন্য পাঁচ শতাংশ। শনিবার (৩ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৮ জন, দৌলতপুরের একজন, কুমারখালীর তিন জন, ভেড়ামারার দুই জন, মিরপুরের পাঁচ জন এবং খোকসার ছয় জন রয়েছেন। মারা যাওয়া সাত জনের মধ্যে তিন জন কুমারখালী উপজেলার, দুই জন মিরপুর ও দুই জন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত জেলায় ৬৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬১ হাজার ৩৮৫ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬১ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ১০৭ জন।


এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুষ্টিয়ায় চলমান লকডাউন আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।  এতে বলা হয়, কুষ্টিয়ায় চলমান লকডাউন আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় ওষুধ, নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার ছাড়া বাকি সব ধরনের দোকান, শপিংমল বন্ধ থাকবে। 

ইত্তেফাক/এসজেড