ডিএনসিসির মেয়র পদে ৫ জনের মনোনয়ন বৈধ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো:আতিকুল ইসলামসহ পাঁচজনের মনোনয়ন বৈধ হয়েছে। ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টি-জাপা মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। 

গতকাল শনিবার সকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম।

এছাড়াও ঋণখেলাপি হওয়ায় বাছাইয়ে ছয়জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তারা হলেন ১৭ নম্বর ওয়ার্ডের তানজিনা হক, ৩৭ নম্বর ওয়ার্ডের সাইফুল্লাহ কাদির, ৫১ নম্বর ওয়ার্ডের শওকত চৌধুরী এবং ৫২ নম্বর ওয়ার্ডের রাইসুল ইসলাম, ফরিদ আহমেদ ও মির্জা মো. ইলিয়াস।

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ পাবেন জাপার প্রার্থী শাফিন আহমেদ। 

প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় শাফিন সাংবাদিকদের বলেন, এটা ইসির অযৌক্তিক সিদ্ধান্ত। আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার। আমি কোথাও খেলাপি নই। তারপরও কীভাবে আমাকে বাদ দেয়া হল? আমি অবশ্যই এর বিরুদ্ধে আপিল করব।

ডিএনসিসি নির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।

২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যু হলে পদটি শূন্য হয়।

মেয়র পদে উপ-নির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ৬ জন। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গত ৩০ জানুয়ারি। বৈধ প্রার্থীদের কেউ চাইলে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করতে পারবেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে না বাম গণতান্ত্রিক জোটও।

এদিকে, ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত নতুন ৩৬টি ওয়ার্ডেও ভোট হবে ২৮ ফেব্রুয়ারি। একইসঙ্গে ঢাকা উত্তরে ৯ ও ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদেও উপ-নির্বাচন হবে একই দিন। 

আরও পড়ুনঃ ক্রমেই হারিয়ে যাচ্ছে ভৈরব নদ বুক জুড়ে চলছে চাষাবাদ

ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে ১৫৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।

ইত্তেফাক/নূহু