এএফপি
ব্রিটিশ উপকূলে পৌঁছানোর লক্ষ্যে চ্যানেল পাড়ি দিতে যাওয়া ১০০-ও বেশি অভিবাসীকে স্থানীয় সময় শুক্রবার উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৯ শিশু রয়েছে। তারা হাতে বানানো ছয়টি নৌকার সাহায্যে চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করে। ফ্রান্সের নৌ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
ফ্রান্সের নৌবাহিনীর সূত্র জানিয়েছে, ফরাসি উদ্ধারকারীরা প্রথমে উত্তরাঞ্চলীয় ফরাসি উপকূলে সংকটে পড়া একটি নৌকা থেকে ৫৫ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ১৪ জন নারী ও ২৬ শিশু রয়েছে। পরে অন্য নৌকা থেকে বাকিদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সবাইকে ফরাসি বন্দর ডানক্রিক এবং ক্যালাইসে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
জাহাজ জট এবং তীব্র স্রোত থাকা সত্ত্বেও গত দুই বছরে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকি নিয়ে চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। গত বছর সাড়ে ৯ হাজারেরও বেশি লোক ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার উদ্দেশে চ্যানেল পাড়ি দেয় কিংবা পাড়ি দেওয়ার উদ্যোগ নেয়। এ সংখ্যা ২০১৯ সালের তুলনায় প্রায় চার গুণ।