আজ স্বাধীনতা দিবসে করোনামুক্তি পালন করবে আমেরিকা

ইত্তেফাক ডেস্ক 

আজ ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। আজ দেশটি করোনামুক্তিও উদ্যাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন সরকার। হোয়াইট হাউজে হাজারখানেক অতিথিকে নিমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট। তাদের সবাই জরুরি পরিষেবা এবং সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কর্মী ও তাদের পরিবার।

পরিকল্পনা এ রকম—সাউথ লনে স্বাধীনতা দিবসের ‘পার্টি’। তারপর ন্যাশনাল মলে বাজির উত্সব। বাইডেনের কথায়, ‘এ হলো ভাইরাসের শাসন থেকে স্বাধীনতা।’ বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনো আমেরিকা শীর্ষে। ৬ লাখের বেশি মৃত্যু। নিন্দুকেরা এই বিপুল ক্ষতির পরে উত্সবের কারণ খুঁজে পাচ্ছে না। কিন্তু প্রশংসকদের কথায়, ‘এই ধাক্কা কাটিয়ে উঠে আমেরিকার অর্থনীতি ফের চাঙ্গা হচ্ছে বাইডেনের হাত ধরেই। সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে তার প্রচেষ্টাতেই।’

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি ভাবনার হাত থেকে জনসাধারণকে বের করে এনে মাস্ক পরার প্রয়োজনীয়তা বুঝিয়েছেন বাইডেন। টিকাকরণের গতি বাড়িয়েছেন। বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশের টিকাকরণ শেষ করা। যদিও তা পূরণ করতে পারেননি তিনি। শনিবার হোয়াইট হাউজের দেওয়া বিবৃতিতে ডেলটা স্ট্রেনের আতঙ্কের কথাও উল্লেখ করা হয়নি। কালই জানা গেছে, আমেরিকার ৫০টি প্রদেশের প্রতিটিতে অতিসংক্রামক ডেলটা স্ট্রেন ধরা পড়েছে।

এ অবস্থায় সাউথ লনের পার্টি কতটা নিরাপদ, তা জানতে চাওয়া হলে প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আপনার টিকাকরণ হয়ে গেলে আপনি নিরাপদ।’ আমেরিকার শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচির মুখেও একই কথা শোনা গেছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসে উত্সব করা নিরাপদ হবে কি না, জানতে চাওয়া হলে ফাউচি বলেন, ‘ভ্যাকসিন নেওয়া থাকলে ভয় নেই। টিকা নেওয়া থাকলে আপনার কাছে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। কিন্তু টিকা না নেওয়া থাকলে অবশ্যই মাস্ক পরুন। আর দ্রুত ভ্যাকসিন নিয়ে ফেলুন।’ কিন্তু অতিমারি তো রয়েছে! অতিমারির মধ্যে সাউথ লনে কিংবা ন্যাশনাল মলে হাজারখানেক মানুষের জমায়েত নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের করোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেটর জেফ জিনেটস বলেন, ‘অতিমারি ছিল।’ আরো বলেন, ‘এটাই যথার্থ সময় এগিয়ে আসার। সাফল্য উদ্যাপন করার।’

যদিও ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)-এর ডিরেক্টর রোশেল ওয়ালেনস্কি জানিয়েছেন, সংক্রমণ নিয়মিতভাবে বাড়ছে। পরিসংখ্যান বলছে, ২৩ থেকে ২৯ জুন আমেরিকায় দৈনিক সংক্রমণ ছিল গড়ে ১২ হাজার ৬০৯। তার আগের সপ্তাহ থেকে ১০ শতাংশ বেশি। ১৬ থেকে ২২ জুন দৈনিক সংক্রমণ ছিল গড়ে ১১ হাজার ৪২৮। ওয়ালেনস্কি বলেন, ‘ডেলটা ভ্যারিয়্যান্ট এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকায়। কিন্তু অনুমান যদি ঠিক হয়, খুব শিগিগর আলফাকে ধুয়ে-মুছে সাফ করে দেবে অতিসংক্রামক ডেলটা।’