বরিশালে হোটেল-রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত

বরিশাল অফিস

গতকাল শনিবার থেকে বরিশালের সব খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়াও বিকাল ৫টার পর ফার্মেসি ব্যতীত সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী ও করোনা প্রতিরোধ জেলা কমিটির সমন্বয়ে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভায় সরকারঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে নিয়োজিত সব বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং শনিবার থেকে বরিশাল জেলার সব ধরনের খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকাল ৫টার পরে ফার্মেসি ব্যতীত সব দোকান বন্ধ ঘোষণা করা হয়। এ সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মোকতার হোসেন, পুলিশ সুপার বরিশাল মারুফ হোসেন, র্যাব-৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধিসহ সব বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে লকডাউন কার্যকর করতে গতকাল জেলা প্রশাসনের চারটি মোবাইল কোর্ট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি না মানায় ৩৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী, মো. মুশফিকুর রহমান ও রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।