মধুমতী নদীতে নৌকাডুবি বাদামচাষি নিখোঁজ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালী উপজেলার কামারখালী মধুমতী নদীতে ডিঙি নৌকাডুবিতে এক বাদামচাষির নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার মধুখালী ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল চেষ্টা করেও কৃষকের কোনো খোঁজ পায়নি। নিখোঁজ বাদামচাষি হলেন উপজেলার কামারখালী ইউনিয়নের চর পুকুরিয়া গ্রামের জমির মোল্যার ছেলে মনিরুল মোল্যা (৩৫)।

এলাকাবাসী জানায়, শুক্রবার চরে মধুমতী নদীর ওপার উত্তর পাড়ে গয়েশপুর চরে বাদাম ফসল দেখতে এক শিশু ও আট কৃষক মিলে একটি ছোট ডিঙি নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। এ সময় প্রবল স্রোতের তোড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এলাকাবাসী চেষ্টা করে আট জনকে উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায়নি। মধুখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. টিটোব সিকদার জানান, খবর পেয়ে আমরা এবং খুলনার একটি ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ কৃষকের কোনো সন্ধান পাইনি। শনিবার ট্রলারে করে ঐ কৃষকের খোঁজ করা হচ্ছে।