বেরোবি সংবাদদাতা
করোনার বিস্তার রোধকল্পে চলমান কঠোর লকডাউনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে রবিবার থেকে অনলাইনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন বিভাগের স্থগিতকৃত পরীক্ষাগুলো অনলাইনে গ্রহণের জন্য অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি নীতিমালা সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা অনলাইনে অংশগ্রহণ করেন। এছাড়া বহিঃসদস্য হিসেবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের প্রফেসর ড. শুচিতা শরমিন সভায় অংশ নেন। এছাড়া চলমান করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চলমান পরীক্ষা স্থগিত করা হয়। সেই সব স্থগিতকৃত পরীক্ষা ৪ জুলাই হতে অনলাইনে গ্রহণের জন্য গত ২৪ জুন অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।