সংবাদ সংক্ষেপ

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ১

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের ধলের খাল থেকে হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছেন কৈখালী বন স্টেশন অফিসের সদস্যরা। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনে ধলের খালে অভিযান চালিয়ে শিকারিসহ ২০ কেজি হরিণের মাংস ও টর্চ লাইট জব্দ করেন। আটককৃত জব্বার গাজী শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মিরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে। এ সময় অন্য চোরা শিকারিরা বনের মধ্যে পালিয়ে যায়। সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবনে হরিণ শিকারিকে হাতে-নাতে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নীপশ্চিম পাড়াগ্রামে পানিতে ডুবে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত কিশোর রাজিম (১৫) ওরফে রাজিম পাগলা পশিচমপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। রাজিম পাগলা সকালে পার্শ্ববর্তী নন্নীবাজারে যাওয়ার জন্য বায়ানা ধরে এবং কিছু পথ যাওয়ার পর বৃষ্টি আসলে আবার সে বাড়ির দিকে ফিরতে থাকে। এসময় পা পিছলে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। রাজিম জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী এবং মৃগি রোগী ছিল। বিষয়টি ইউপি চেয়ারম্যান রিটন নিশ্চিত করেছেন।

বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা টানা বৃষ্টিতে নেতাই নদীর বাঁধ ভেঙে ধোবাউড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি অবস্থায় অন্তত ৩ হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। বিশুদ্ধ পানি সংকটে রয়েছে সাধারণ মানুষ। এদিকে শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষে বন্যাদুর্গত এলাকা পোড়াকান্দুলিয়ায় ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমরকান্তি বাসক।

মধুখালীতে বাড়ছে করোনা আক্রান্ত রোগী

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে করোনা শনাক্ত বেড়েই চলেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, শনিবার এক দিনে ৩১টি নমুনা সংগ্রহ করা হয়। এতে স্থানীয় হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে ১১ জন শনাক্ত হয়। বাকি নমুনা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঐ রিপোর্ট বাদেই এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্য ১৯০ জন। এ সময় মোট ৪২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তের হার শতকরা ৪৪.৭০ শতাংশ।

খাদ্য ও সুরক্ষাসামগ্রী প্রদান উদ্বোধন

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ফেনী জেলা পরিষদের উদ্যোগে ছাগলনাইয়ায় কর্মহীন, শ্রমজীবী ও দরিদ্র অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও সুরক্ষাসামগ্রী প্রদান উদ্বোধন হয়েছে। ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন শনিবার দুপুর দেড়টায় ছাগলনাইয়া পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণে খাদ্য ও সুরক্ষাসামগ্রী প্রদান কর্মসূচি উদ্বোধন করেন।

ভুয়া দন্ত চিকিত্সকের জরিমানা

মনোহরদী (নরসংিদী) সংবাদদাতা :মনোহরদীতে ভুয়া দন্ত চিকিত্সক প্রমাণিত হওয়ায় মোবারক হোসেন নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার কঠোর লকডাউনে উপজেলার গাবতলি বাজারে সেবা ডেন্টাল নামে দন্ত চিকিত্সালয়ে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট রাজিবুল ইসলাম। সে সময় মোবারক হোসেন ভুয়া দন্ত চিকিত্সক প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট রাজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফ্রি করোনা টেস্ট ক্যাম্প উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শনিবার করোনার ফ্রি টেস্ট ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বনপাড়া পৌর সদরে বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি অ্যাডুকেয়ার ইনস্টিটিউটে স্থাপিত ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় ইউএনও জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

হটলাইনে ফোন করে প্রধানমন্ত্রীর উপহার পেল ৬০ পরিবার

চাঁদপুর প্রতিনিধি কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা প্রশাসনের দুটি হটলাইন নম্বরে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা পেয়েছে ৬০টি অসহায় পরিবার। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা মোটরসাইকেলে করে শহর ও আশপাশের এলাকায় এসব খাদ্যসামগ্রী অসহায় ও দুস্থদের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

 

 

০০০