বরগুনার পাথরঘাটায় শিশু সন্তানসহ তার মাকে হত্যা করে পালিয়েছে স্বামী। বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমি থেকে মাটিচাপা অবস্থায় তাদের মরদেহ শনিবার (৩ জুলাই) পুলিশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর গ্রামে ।
নিহতরা হলো ওই গ্রামের শাহীন মুন্সির (২১) স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) ও তার শিশু কন্যা সামিরা আক্তার ওরফে জুঁই (৯ মাস)। এ ঘটনায় শাহীন মুন্সীর মা শাহিনুর বেগম (৪৫) ও ফুফাতো ভাই ইমাম হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ। শাহীন মুন্সী পলাতক রয়েছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহীন মুন্সির মা শাহিনুর বেগম ও শাহীনের ফুফাতো ভাই ইমাম হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে সুমাইয়া তার বাবার বাড়ি থেকে দুপুরে দাওয়াত খেয়ে স্বামীর বাড়ি ফিরে আসে। এরপর থেকেই সুমাইয়া, কন্যা জুঁই ও স্বামী শাহীন মুন্সী নিখোঁজ ছিলেন। নিখোঁজের দুইদিন পর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মা ও মেয়ের লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ সরকার বলেন, নিখোঁজের সূত্রধরে মা ও মেয়ের মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছেন।
ইত্তেফাক/এসআই