সঠিক চিকিত্সায় স্তন ক্যানসারে আক্রান্ত ৯৫ শতাংশ রোগীর সুস্থতার সম্ভাবনা

সচেতনতা দিবসের দিনগণনা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের নারীরা বেশি আক্রান্ত হন স্তন ক্যানসারে। তবে সময়মতো রোগ নির্ণয় এবং চিকিত্সা পেলে স্তন ক্যানসারে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী সুস্থ জীবনে ফিরতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে দরকার সচেতনতা । এজন্য বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩২৮১ যৌথভাবে ‘স্তন ক্যানসার সচেতনতা দিবসের ১০০ দিনের গণনা’ শুরু করেছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে এই দিনগণনা উদ্বোধন হয়। আগামী ১০ অক্টোবর নবম বারের মতো উদ্যাপিত হবে স্তন ক্যানসার সচেতনতা দিবস। দিবসকে কেন্দ্র করে ১২০ দিনের এই কর্মসূচি হাতে নিয়েছে ১১টি সংগঠনের সমন্বয়ে গঠিত স্তন ক্যানসার সচেতনতা ফোরাম।

দিনগণনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক, রোটারির জেলা স্তন ক্যানসার সচেতনতা কমিটির চেয়ারম্যান এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বক্তারা বলেন, স্তন ক্যানসার বাংলাদেশের নারীদের প্রধান সমস্যা। সময়মতো নির্ণয় করা গেলে এবং সঠিক ও পরিপূর্ণ চিকিত্সায় ৯৫ শতাংশের বেশি রোগীর সুস্থ হওয়া সম্ভব। এজন্য দরকার স্তন ক্যানসারের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ নারীদের প্রাথমিক পরীক্ষা অর্থাত্ স্ক্রিনিংয়ের আওতায় আনা।

আরো বক্তব্য রাখেন রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর নমিনি টিআইএম নুরুল কবির, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন ও সম্পাদক মোসাররত সৌরভ, কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. সারিয়া তাসনিম, রাজশাহী ক্যানসার হাসপাতালের উদ্যোক্তা ডা. প্যাট্রিক বিশ্বাস, সাংবাদিক নাদিরা কিরণ ও জুলহাস আলমসহ ফোরামের বিভিন্ন সংগঠন ও রোটারি নেতৃবৃন্দ ।

জানা গেছে, ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকা ও পেশাভিত্তিক সচেতনতা ও উদ্বুদ্ধকরণের পাশাপাশি রেটারির বিভিন্ন ক্লাব ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্যাটেলাইট অনকোলজি ক্লিনিক চালুর উদ্যোগ নেওয়া হবে। এর বাইরে এলাকা ও কর্মস্থলভিত্তিক ক্যাম্প পরিচালনা ও সন্দেহজনক রোগীদের স্বল্প খরচে আলট্রাসনোগ্রাম, এফএনএসি পরীক্ষার জন্য নেটওয়ার্ক গড়ে তোলা হবে।