লেনদেন কমলেও মূলধন ফিরেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা

সাপ্তাহিক শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

আগের সপ্তাহের মতো বিদায়ি সপ্তাহেও শেয়ারবাজারে উত্থান হয়েছে। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা কম হয়েছে। লেনদেন কমলেও বাজার মূলধন সাড়ে ৩ হাজার কোটি টাকা ফিরেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৩ হাজার ৬৪৩ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

বিদায়ি সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬৩৩ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৮১৭ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ হাজার ৮৯৯ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ১৮৪ টাকা বা ৪১ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৬৫ পয়েন্ট বা ০ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০ দশমিক ৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ দশমিক ৯০ পয়েন্ট বা ০ দশমিক ৯৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৮৫ পয়েন্ট বা ০ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৭৬ পয়েন্ট এবং ২ হাজার ২০৮ দশমিক ৩৮ পয়েন্টে।

বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৭টির বা ৫২ দশমিক ৩৯ শতাংশের, কমেছে ১৬২টির বা ৪৩ দশমিক ০৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪ দশমিক ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৩৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮৯০ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৭৪ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৬৫৫ টাকা বা ৩১ শতাংশ কম হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ দশমিক ৭৮ পয়েন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৫ দশমিক ০৪ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭২ দশমিক ৭১ পয়েন্ট বা ০ দশমিক ৬৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৭৬ দশমিক ০৯ পয়েন্ট বা ২ দশমিক ১০ শতাংশ, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ৪৯ শতাংশ এবং সিএসআই ৮ দশমিক ৪১ পয়েন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৬৯৫ দশমিক ২২ পয়েন্ট, ১৩ হাজার ৩৮২ দশমিক ৭৭ পয়েন্টে, ১ হাজার ২৮৭ দশমিক ৯৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৯১ দশমিক ৮৫ পয়েন্টে।

সপ্তাহ জুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৪টির বা ৪৫ দশমিক ৫৬ শতাংশের দর বেড়েছে, ১৭১টির বা ৫০ দশমিক ৫৯ শতাংশের কমেছে এবং ১৩টির বা ৩ দশমিক ৮৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।