খুলনার প্রবীণ সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদের ইন্তেকাল

খুলনা অফিস

খুলনার সাংবাদিকদের গুরু বলে খ্যাত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ

সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ৩টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। বাদ জোহর ঢাকার বসুন্ধরা আবাসিকের বড় জামে মসজিদে জানাজা শে?ষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

সাহাবু?দ্দিন আহমদ ১৯৩৯ সালের ১ জানুয়ারি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকার মানিকগঞ্জে তার পৈত্রিক বাড়ি। পিতার চাকরির সুবাদে তিনি খুলনাসহ বিভিন্ন স্থানে লেখাপড়া করেন। দীর্ঘ ৪৪ বছরের পেশাগত জীবনে সাপ্তাহিক হলিডে, বাংলাদেশ টাইমস, দি ডেইলি টেলিগ্রাফ, ডেইলি ফিন্যানশিয়াল এক্সপ্রেস ও দি ডেইলি ইনডিপেনডেন্ট পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি ১৯৭০-৭১ সালে করাচীর প্রভাবশালী দৈনিক ডন পত্রিকার খুলনার প্রতিনিধি ছিলেন। তিনি ১৯৮০, ১৯৮২ ও ১৯৮৪ সালে অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং ১৯৮৫-৮৬, ১৯৯২-৯৩, ১৯৯৫-৯৬, ১৯৯৯-২০০০ সালে খুলনা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে নির্ভুল সংবাদ পরিবেশনে তিনি খুলনার সাংবাদিক অঙ্গনে এক উজ্জ্বল উদাহরণ। সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বিতর্কের ঊর্ধ্বে থাকায় ২০০৮ সালে সাদা মনের মানুষ হিসেবে খুলনা জেলা প্রশাসন থেকে স্বীকৃতিপ্রাপ্ত হন। চিরকুমার এই সাংবাদিক মৃত্যুর আগ পর্যন্ত ঢাকার বসুন্ধরায় তার নিকটাত্মীয়ের বাসায় অবসর জীবনযাপন করেন।