কচুয়ায় টোল বাজার লিজের প্রস্তাব দেওয়ায় ক্ষোভ ব্যবসায়ীদের

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া উপজেলাধীন পৌর বাজারের পাট, ধান ও ছাগল কেনাবেচার টোল বাজারের অংশ লিজ দেওয়ার প্রস্তাব দেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কচুয়া পৌর বাজারের তালুকদার মার্কেটের দক্ষিণে টোল বাজারটিতে দীর্ঘদিন ধরে ধান, পাট ও ছাগল বেচাকেনা হয়ে আসছে। স্থানীয়রা মনে করেন, টোল বাজারটি লিজ দেওয়া হলে ধান, পাট ও ছাগল বেচাকেনায় ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা বলেন, ধান, পাট ও ছাগল বেচাকেনার টোল বাজারের পশ্চিম অংশে ফেরি শ্রেণিভুক্ত জায়গাটি লিজ দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কেউ যাতে অবৈধভাবে এ জায়গা দখল করে নিতে না পারে সে লক্ষ্যেই এটি লিজ দেওয়ায় জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

কচুয়ার পৌর সভার মেয়র নাজমুল আলম স্বপন জানান, টোল বাজারের জায়গা লিজ দেওয়া হলে পাট, ধান ও ছাগল বেচাকেনার জন্য নতুন জায়গা নির্ধারণে সমস্যা দেখা দেবে। জায়গা সংকটে কচুয়া উপজেলার প্রসিদ্ধ এই বাজারটি বন্ধ হয়ে যেতে পারে। জনস্বার্থে টোলবাজারের জায়গাটি লিজ না দেওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকের নিকট ক’মাস পূর্বেই চিঠি দেওয়া হয়েছে। বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা টোল বাজারের জায়গা লিজ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। ৃ