বরিশালের চেকপোস্টে আটক সময় টিভির ভুয়া সাংবাদিক

বরিশাল অফিস

কঠোর লকডাউনের কারণে বেশ কড়াকড়ি বরিশাল জুড়ে। এরই মধ্যে সাংবাদিক পরিচয়ে লকডাউন উপেক্ষা করে চলাচল করায় আটকানো হয় এক যুবককে। গতকাল শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নথুল্লাবাদ চেকপোস্টে সময় টিভির সাংবাদিক পরিচয় দেয় ঐ ভুয়া সাংবাদিক। পরে পুলিশ কর্মকর্তা ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পায়। তবে তার ব্যবহূত মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সেটি আটক করে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, এক যুবক একটি মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঐ যুবক নিজেকে সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দেওয়ায় সন্দেহ হয় ঘটনাস্থলে উপস্থিত উপ-পুলিশ কমিশনার মঞ্জুর রহমানের। এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি যাচাই বাছাইয়ের অনুরোধ করলে বিশ্বজিত্ কর্মকার নামের ঐ যুবক ভুল হয়েছে স্বীকার করে নিজেকে বরিশাল সময় নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার বলেন। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের কোনো কাগজপত্র না থাকায় এবং হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেলটি আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী বিশ্বজিত্ কর্মকার বলেন, আমি সময় টিভির সাংবাদিক বলিনি, বলেছি সময় নিউজের।