গাইবান্ধার প্রতিনিধি
গাইবান্ধায় টেলিফোন এক্সচেঞ্জ এর আঞ্চলিক কার্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় দেওয়ালের নিচে চাপা পড়ে আইয়ুব আলী (৪৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।
শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ব্রিজ রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আইয়ুব আলী গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (মন্ডল পাড়া) গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে। গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ জানান, বেশ কিছু দিন ধরে ১৫ জনের একদল শ্রমিক এই পুরাতন ভবনটি ভেঙে ফেলার কাজ করতেছিল। শনিবার বেলা ১১টার দিকে ভবনটি ভাঙার সময় দেওয়ালের একটি অংশ এবং দেওয়াল সংলগ্ন বিমটি ধসে পড়ে। এই ভেঙে পড়া দেওয়াল ও বিমের নিচে চাপা পড়ে নির্মাণশ্রমিক আইয়ুব আলী গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন আহত আইয়ুব আলীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা (বিকাল সাড়ে ৬টা) পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।