রাজশাহী মহানগরীতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হঠাত্ বন্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও কমছে না মৃত্যু। করোনায় বিভাগের পাঁচ জেলায় এক দিনে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় মারা যান তারা। মৃতদের মধ্যে রাজশাহীর সাত জন, বগুড়ায় ছয়, নওগাঁয় দুই, নাটোরে তিন ও পাবনায় এক জন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জন। বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বিভাগের আট জেলায় এক দিনে নতুন ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাবনায় ১১৮ জন, বগুড়ায় ১১১, রাজশাহীতে ১০০, চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁয় পাঁচ জন, জয়পুরহাটে এক ও সিরাজগঞ্জে ২৯ জন। এদিন নাটোরে কোনো নমুনা পরীক্ষা হয়নি। এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৩১০ জন। এছাড়া এক দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৭ জন।

এদিকে গত ৬ জুন থেকে রাজশাহী মহানগরী বেশ কিছু পয়েন্টে করোনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথম দিকে মানুষের আগ্রহ কম থাকলেও এক সপ্তাহের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষায় মানুষের আগ্রহ বেড়ে যায়। প্রথমে পাঁচটি পয়েন্টে শুরু হলেও পরে পয়েন্ট বাড়ানো হয়। তবে গত বৃহস্পতিবার হঠাত্ করেই র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ হয়ে যায়। ফলে পরীক্ষা করাতে এসে মানুষ ফিরেও যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, কিটের সংকটে পরীক্ষা বন্ধ হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, এ পর্যন্ত তারা নগরীর প্রায় ২০ হাজার মানুষের পরীক্ষা করিয়েছেন। কিট না থাকায় বৃহস্পতিবার থেকে পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। জেলার সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, কিটের ঘাটতি থাকায় নগরীতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা আপাতত বন্ধ। জেলার উপজেলায় কিট থাকায় পরীক্ষা চলছে। ঢাকায় কিটের চাহিদা পাঠানো হয়েছে। শিগিগরই কিট পাওয়ার আশা করছেন তিনি।