উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংয়ের পদত্যাগ

শপথ নেওয়ার মাত্র চার মাসের মাথায় পদত্যাগ করেছেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী তিরথ সিং রাউত। শুক্রবার রাতে পদত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে তিরথ সিং বলেন, সাংবিধানিক সংকট এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছি। এদিকে উত্তরাখণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা পুস্কর সিং ধামি। গতকাল শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির পরিষদীয় বৈঠকে ৫৭ জন বিধায়ক পুস্কর সিং ধামিকে নির্বাচিত করেন। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ঘনিষ্ঠ পুস্কর। গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিরথ সিং। তবে সে সময় বিধায়ক হিসেবে নির্বাচিত ছিলেন       না এই বিজেপি নেতা। ভারতের সংবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক হয়ে আসলে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারতেন তিরথ সিং। তবে চার মাস কেটে গেলেও উপনির্বাচনের আয়োজন হয়নি। পদত্যাগ করে তিনি বলেন, পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। করোনা ভাইরাস পরিস্থিতিতে এখন কোনো উপনির্বাচন সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, উত্তরাখণ্ড বিজেপিতে চলমান কোন্দলের কারণেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দিয়েছেন তিরথ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বিজেপির অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হচ্ছে, মূলত দলের মধ্যে বিরোধিতার কারণেই আরো দুই মাস হাতে থাকতে পদত্যাগ করেছেন তিরথ সিং রাউত।

উল্লেখ্য, গত মার্চে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পদে বিজেপির ত্রিবেন্দ্র সিংহ রাওকে সরিয়ে তিরথকে বসায় বিজেপি। সে সময় ত্রিবেন্দ্র সিং রাওয়ের মুখ্যমন্ত্রী হিসেবে আরো এক বছর হাতে ছিল। তিরথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরাখণ্ডে রাজ্য বিজেপিতে কোন্দল আরো বেড়ে যায়। এর ফলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো তাকে। উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের আর এক বছরেরও কম সময় রয়েছে।