পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার পাথরঘাটায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের দুই থেকে তিন দিন পর গতকাল শনিবার সকালে মা ও ৯ মাসের মেয়ের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—হাতেরপুর গ্রামের শাহীন মুন্সীর স্ত্রী সুমাইয়া (১৮) ও ৯ মাসের শিশুসন্তান সামিরা আক্তার জুঁই।
পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে মা-মেয়েকে খুন করে মাটিচাপা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শাহীন মুন্সী। তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ। পুলিশের সন্দেহ, স্ত্রী-সন্তানকে খুন করে পালিয়ে গেছে শাহীন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শাহীন মুন্সীর মা শাহিনুর বেগম (৪৫) ও তার ফুফাতো ভাই ইমাম হোসেনকে (২৩) আটক করেছে। স্থানীয়রা জানান, শাহীন মুন্সী উপজেলার সদর ইউনিয়নের খলিল মুন্সীর ছেলে। সুমাইয়া ও তার স্বামী শাহীনের মধ্যে বিয়ের পর থেকে কলহ লেগে ছিল। বিয়ের পূর্বেই তাদের সন্তানের জন্ম হয়। মূলত বিয়ের আগে সন্তান জন্মের ঘটনায় সুমাইয়ার পরিবারের করা মামলায় পাঁচ মাস জেলও খাটতে হয় শাহীনকে। পরে সন্তানসহ সুমাইয়াকে বিয়ে করার মাধ্যমে জেল থেকে মুক্তি পান। তবে উভয়ের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। এই নিয়ে বেশ কয়েক বার সালিশ হয়েছে।
স্থানীয় বাসিন্দা আ. রাজ্জাক বাদশা জানান, সুমাইয়া বুধবার দুপুরে বাবার বাড়ি থেকে দাওয়াত খেয়ে স্বামীর বাড়ি আসার পর থেকেই নিখোঁজ হয়। দুই-তিন ধরে সুমাইয়া, তার স্বামী শাহীন ও তাদের মেয়ের কোনো সন্ধান ছিল না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, শনিবার সকালে স্থানীয়রা শাহীনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে গর্ত খুঁড়ে দড়িতে হাত-পা বেঁধে ভাঁজ করা অবস্থায় সুমাইয়া ও মেয়ে সামিরার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।