টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স পিকআপের সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ভূঞাপুর (টাঙ্গাইল) : কালিহাতীতে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্যানসার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। আহত হন আরো সাত জন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরো দুই মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চট্টগ্রামের ফরিদা বেগম ও তার মেয়ে মারিয়া, ফেরদৌসি বেগম, অ্যাম্বুলেন্সের চালক সিরাজগঞ্জের সাজ্জাম হোসেন এবং হেলপার জুয়েল মিয়া।

কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈরে মালবাহী ট্রাক   অটোরিকশাকে চাপা দিলে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, অটোরিকশাচালক নবাব আলী (৪৫) এবং মৌচাক হাইড্রোঅক্সাইড লিমিটেড কারখানার শ্রমিক জয়নাল আবেদিন (৪৫) ।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পারভেজ আলম (৪৫) নামে এক পল্লী চিকিত্সকের মৃত্যু হয়েছে। গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পারভেজ আলম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মান্দা (নওগাঁ): মান্দায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে আমবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়ামত দোকানদারের ছেলে খলিলুর রহমান (৩২) ও কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সোহরাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০)।