মধ্যরাতে হাইকোর্টের নজরে ক্যানোলা সংকট

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে সংকট ছিল হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার। এ কারণে করোনা আক্রান্ত সাত জন রোগী এক দিনে মৃৃত্যুবরণ করেন। এমতাবস্থায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকট নিরসনে উচ্চ আদালতের হস্তক্ষেপ চান এক আইনজীবী। বিষয়টি শুক্রবার রাত ১১টায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চের দৃষ্টিতে আনা হয়। এরপরই হাইকোর্ট এ বিষয়ে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন।

এরপরই অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাতেই স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেন। তারা অ্যাটর্নি জেনারেলকে জানান, রবিবার সমস্যার সমাধান হয়ে যাবে।

অ্যাটর্নি জেনারেল জানান, আমাকে জানানো হয়েছে সরকারিভাবে আজ রবিবার ১০/১৫টি ক্যানুলা লাগানো হবে। তবে আজকে বেসরকারিভাবে একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে ২০টি ক্যানুলা লাগানো হয়েছে বলে শুনেছি। 

ক্যানুলা সংকটের বিষয়টি শুক্রবার হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে সাত করোনা রোগীর মৃত্যু হয়। আরো ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষু—এমন সংবাদ গণমাধ্যমে দেখে শনিবার মধ্যরাতেই রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চকে অবহিত করি। এরপরই আদালত বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে দেখতে বলে।