ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা

বাংলাদেশসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থী লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে  ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি। উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে তিউনিসিয়ার কোস্টগার্ড বাকি ৮৪ জনকে উদ্ধার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য জানায়।

তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম জানান, ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন। উদ্ধার হওয়া ৮৪ জনের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।  তারা জানিয়েছেন, গত ২৮ ও ২৯ জুন তারা লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।