রাঙামাটির সীমান্তবর্তী দুঃস্থ পরিবারগুলোর সহায়তায় বিজিবি

লকডাউনের প্রভাবে অসহায় হয়ে পড়া রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ও ছোট হরিণা এলাকার ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। 

রবিবার (৪ জুন) নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন বিজিবি সদস্যরা। ছোট হরিণা জোনের ছোটহরিণা, এ্যারাবুনিয়া, ভূষণছড়া, বামল্যান্ড, আমতলী, দোকানঘাট, কুকিছড়া, ভালুকাছড়ি, থেগামুখ ও খুব্বাংসহ বিভিন্ন দুর্গম স্থানে বসবাসরত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল এবং ১ লিটার তেল প্রদান করা হয়। ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, লকডাউনের প্রভাবে এলাকার সমস্ত অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় অসহায় ও দুঃস্থ পরিবারগুলো হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষিতে ছোটহরিণা ব্যাটালিয়ন অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে। এলাকায় মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। 


ইত্তেফাক/এনএ