সিলেটের ওসমানীনগর উপজেলার কথিত ডাক্তার নিরঞ্জন ধর (৫৫) কে আটক করেছে পুলিশ।আটককৃত নিরঞ্জন ধর উপজেলার সাদীপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের বাসিন্দা।
শনিবার ( ৩ জুলাই) রাতে উপজেলার লামা গাভুরটিকি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে, ঐ দিনই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তারের নেতৃত্বে সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে ডা: নিরঞ্জন কুমার ধরের মালিকানাধীন ফার্মেসী নবিন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে নিরঞ্জন ধর নিজের ডাক্তারি পরীক্ষার সনদ ও ফার্মেসীর লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার টাকা দিতে গিয়ে ক্যাশ টেবিলের ড্রয়ার খুললে সেখানে ওসমানীনগর থানাসহ সরকারী একাধিক প্রতিষ্ঠানের নকল সীল পাওয়া যায়। এসময় হাসপাতালের জন্য বরাদ্দকৃত বেশ কিছু সরকারি ওষুধ, একাধিক ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জও জব্দ করা হয়। অভিযানকালে নিরঞ্জন ধরের হেফাজতে থাকা ওসমানীনগর থানা পুলিশসহ একাধিক সরকারী প্রতিষ্ঠানের ভুয়া সীল উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
পরে শনিবার রাতেই ওসমানীনগর থানার এস আই নিখিল চন্দ্র দাশ বাদি হয়ে এ বিষয়ে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে নিরঞ্জনকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, ভুয়া ডাক্তার নিরঞ্জন দীর্ঘ ৩০ বছর ধরে ফার্মেসী পরিচালনার পাশাপাশি এই এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড করে আসছে। আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় নিরীহ মানুষকে হয়রানিসহ তাঁর মালিকানাধীন ফার্মেসী ঘিরে গড়ে তুলেছিল অপরাধের আস্তানা। মিথ্যা মামলার ভয় দেখিয়ে শালিস বৈঠক করে টাকা ইনকামও করতেন নিরঞ্জন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, কথিত ডাক্তার নিরঞ্জনের কাছ থেকে একাধিক প্রতিষ্ঠানের চারটি নকল সীলসহ বিক্রয় নিষিদ্ধ বেশ কিছু সরকারি ঔষধ জব্দ করার পর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসআই