করোনার প্রকোপ কমতেই সরব বলিপাড়া!

বিনোদন ডেস্ক

করোনা দ্বিতীয় ঢেউ কিছুটা কমতেই আবারো সরব হয়েছে বলিপাড়া। স্বাস্থ্যবিধি মেনে দেশটির বিভিন্ন এলাকায় শুটিংয়ের অনুমতি দেওয়ায় শেষ না হওয়া সিনেমাগুলোর শুটিং থেকে শুরু নতুন সিনেমাগুলো গড়াচ্ছে শুটিংস্পটে। তারকারাও বাগের মতো ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে অক্ষয়ের ‘বেল বটম’, আলিয়ার ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’সহ বেশ কয়েকটি সিনেমার বাকি অংশের কাজ শেষ হয়েছে। সেই তালিকায় আরো রয়েছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’, আলিয়া-শাহরুখের ‘ডার্লিং’, শ্রদ্ধা কাপুরের ‘চালবাজ ইন লন্ডন’, কৃতি শ্যাননের ‘গণপথ’, তামান্না ভাটিয়ার ‘অন্ধধুন’, ইয়ামি গৌতমের ‘দ্য থার্স ডে’, অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’সহ বেশকিছু সিনেমা। তারকারাও সিনেমাগুলোর শুটিংয়ে ফিরছেন পুরনো রূপেই। আলিয়া তার ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’র কাজ শেষ করে নতুন সিনেমা ‘ডার্লিং’-এর শুটিং শুরু করেছেন। অপেক্ষা করছেন শাহরুখের! অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমা দিয়ে ফিরলেন দীপিকাও। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। জানা গেছে, একটানা ১৬-১৫ দিন শুটিং করবেন দীপিকা। এই সিনেমাটি শেষ করে ‘ডার্লিং’-এ শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ। তবে করোনার প্রকোপ কাটলেও ভয় বা শঙ্কা রয়েই গেছে তারকাদের মনে। যদিও অনেক নির্মাতা তারকা-কুশলীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করেই শুটিং শুরু করেছেন। এছাড়া শুটিং চলাকালীনও বারবার করোনা পরীক্ষার ব্যবস্থাও রাখছেন সবাই। দীপিকা বলেন, ‘অনেকদিন পর শুটিংয়ে ফিরে ভালো লাগছে। তবে কিছুটা শঙ্কা কাজ করছে। কিন্তু কতদিন আর দূরে থাকবো। চেষ্টা করবো স্বাস্থ্যবিধি মেনে কাজগুলো শেষ করার।’ আলিয়া বলেন, ‘ভয় নিয়ে গাঙ্গুবাঈ-এর কাজ শুরু করেছিলাম। কারণ শুরুতে সিনেমাটির শুটিং চলাকালীন অনেকে করোনা আক্রান্ত হয়ে কাজ বন্ধ ছিল। তবে ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি। এবার নতুন সিনেমাটিও আশা করছি নিরাপদেই শেষ করতে পারবো।’