চাটমোহরে সাপ্তাহিক হাটে উপচে পড়া ভিড়

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

কঠোর লকডাউনের মধ্যেও পাবনার চাটমোহর উপজেলার সর্ববৃহত্ সাপ্তাহিক হাট অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে রবিবার ব্যাপক জনসমাগম হয়। স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা থাকলেও হাটের ইজারাদার শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাট বসবে এই মর্মে মাইকে প্রচারণা চালায়।

রবিবার সকালে হাট এলাকায় গিয়ে দেখা যায়, কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাট এলাকায় মানুষ ও যানবাহন চলাচল সীমিত করার চেষ্টা করে। গরু হাটে গরুর আমদানি কম থাকলেও বকরির হাটে ছিল প্রচুর ভিড়। পাট, ধান, চাল, কাঁচা তরিতরকারিসহ কাপড়ের হাটে ভিড় ছিল। হাজার হাজার মানুষ হাটে এলেও অনেকের মুখে মাস্ক ছিল না। উল্লেখ্য, পাবনা জেলায় বর্তমানে করোনা সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, নিয়মিত হাট বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা নেই। তবে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাট-বাজার চলবে। চাটমোহরের সর্ববৃহত্ এই হাট, এখানে আমরা নজরদারি চালাচ্ছি।