সাতক্ষীরায় অক্সিজেন সংকটে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কয়েক ঘণ্টার ব্যবধানে সাত জন রোগীর মৃত্যুর ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি রবিবার সামেক হাসপাতালে সরেজমিনে গিয়ে ঘটনার তদন্ত করেন।

তদন্ত কমিটির প্রধান হলেন খুলনা মেডিক্যাল সাবডিপোর সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম গাজী। কমিটির অপর সদস্য হলেন মোংলা পোর্ট স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন। তদন্ত কমিটি সামেক হাসপাতালের চিকিত্সক, নার্স, রোগী ও রোগীর আত্মীয়স্বজনসহ দায়িত্বরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি রবিবার বেলা সাড়ে ১১টার পর থেকে সরেজমিনে সামেক হাসপাতালে এসে তদন্ত শুরু করেছেন। তারা হাসপাতালে সেদিন দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। তদন্ত কমিটির অনুসন্ধানে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।