সিলেটে অবৈধভাবে বালি তোলার দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা

সিলেট অফিস

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ইজারাবিহীন বালিমহাল থেকে বালি উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযানে আটক হয়েছেন ১০ বালি ব্যবসায়ী। পরে ৫০ হাজার টাকা করে ৫ লাখ টাকা জরিমানা করা হয় তাদের। শনিবার দিনভর  টাস্কফোর্সের অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য অভিযানে নেতৃত্ব দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল সঙ্গে ছিলেন। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, ধলাই নদের তীর অরক্ষিত হয়ে পড়ার আশঙ্কাসহ পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় তিনটি বালুমহালের মধ্যে দুটোর ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কিন্তু বালি ব্যবসায়ীরা সেটি মানছেন না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।