ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম ব্যাহত

সার্ভারসহ নানা সমস্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সার্ভার সমস্যাসহ নানা কারণে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী কর্মীদের করোনার টিকা নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা সঠিকভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। এতে বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা। ব্রাহ্মণবাড়িয়ার বিপুলসংখ্যক জনশক্তি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাজ করছে। সম্প্রতি প্রবাস গমনে করোনার টিকা বাধ্যতামূলক করায় প্রবাসীদের টিকা নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। এসব প্রবাসীর টিকা নিশ্চিত করতে নিবন্ধন কার্যক্রম শুরু করে জনশক্তি ও কর্মসংস্থান বিভাগ।

 ব্রাহ্মণবাড়িয়ায় জনশক্তি কর্মসংস্থান অফিস নেই। তাই সদর উপজেলার চিনাইরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন চলছে। শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। বিএমইটির ওয়েব সাইটে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ২০০ টাকা ফি দিয়ে সুরক্ষা অ্যাপ ও আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করতে হলে ই-পাসপোর্টধারী প্রবাসী কর্মীদের ব্যাংকে এবং সাধারণ পাসপোর্টধারীদের রকেট, বিকাশ বা নগদে ২০০ টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়। নিবন্ধন করতে আসা প্রবাসীরা জানান, সার্ভার সমস্যাসহ বিভিন্ন কারণে তারা ব্যাংক ড্রাফট করতে পারছেন না। পাশাপাশি জনবল সংকটও রয়েছে। তাই দূর-দূরান্ত থেকে এসে দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধান চান।

ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ সেন্টারের অধ্যক্ষ মো. আকতার হোসেন বলেন, আকস্মিকভাবে নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তবে তা দ্রুত সমাধান করে প্রবাসীদের পরিপূর্ণ সেবা নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করে সেখানকার সমস্যা সম্পর্কে অবহিত হয়েছি। দ্রুত এসব সমস্যা সমাধান করা হবে।