সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে রবিবার ভোরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার এশার নামাজের জন্য ওজু করতে যেয়ে পুকুরে পড়ে নিখোঁজ হন তৌছিফ আলম খান মঞ্জু নামের ঐ মুদি ব্যবসায়ী। মৃত তৌছিফ আলম খান মঞ্জু (৩২) সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার তৌফিক আলম রঞ্জুর ছেলে। তৌফিক আলম রঞ্জু জানান, তার একমাত্র ছেলে মঞ্জু বাড়ির পাশে মুদিখানার দোকান পরিচালনা করত। তার আগে থেকে মৃগী রোগ ছিল। প্রতিদিনের মতো পার্শ্ববর্তী আহলে হাদিস মসজিদে এশার নামাজ পড়ার জন্য শনিবার রাত সাড়ে ৮টার দিকে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুরে ওজু করতে যায় মঞ্জু। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি না আসায় সম্ভাব্য সব জায়গায় তার সন্ধান চালানো হয়। রবিবার ভোরে ঐ পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, পরিবারের কারো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মুদি ব্যবসায়ীর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।