ইত্তেফাক রিপোর্ট
ব্যাংক ও শেয়ারবাজারের পর এবার বীমা কোম্পানির অফিস খোলার সিদ্ধান্ত এসেছে। চলমান বিধিনিষেধের মধ্যে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। গতকাল রবিবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেইসঙ্গে বিমা কর্মীদের দাপ্তরিক কাজে অফিসের গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে সহায়তা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে আইডিআরএ। এর আগে গত বৃহস্পতিবার বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) থেকে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে আইডিআরএ’র পক্ষ থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার বিষয়ে অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানির জন্য ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বীমা পলিসি ইস্যুও অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়া লাইফ বীমাকারীর মেয়াদপূর্তির দাবি পরিশোধসহ অন্যান্য জরুরি সেবা প্রদানের জন্য বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশন থেকে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কতিপয় গুরুত্বপূর্ণ শাখা অফিস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইডআরএ’কে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে আইডিআরএ একমত পোষণ করে।